Edinbox Bengali

সাংবাদিকতার অতীত, বর্তমান এবং ভবিষ্যত: বাংলা ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত আলোচনাচক্রে কলকাতার বিশিষ্ট শিক্ষাবিদরা

কলকাতা সল্টলেকে অবস্থিত সুরেশ নেওটিয়া সেন্টার অফ এক্সিলেন্সে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড কর্তৃক আয়োজিত এক আলোচনা চক্র যার নাম, “সাংবাদিকতার অতীত, বর্তমান এবং ভবিষ্যত” এ যোগ দিলেন কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বিশিষ্ট সাংবাদিক, সাংবাদিকতা অধ্যাপক এবং অন্যান্য শিক্ষা বিশারদগণ। আলোচনাচক্রে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রধান অধ্যাপক ডঃ অঞ্জন বেরা, রবীন্দ্রভারতী বিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রধান অধ্যাপক ডঃ দেবজ্যোতি চন্দ, বাগবাজার ওম্যান্স বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রধান অধ্যাপক ডঃ বিশ্বজিৎ দাস, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি ডঃ স্নেহাশীষ সুর, অমৃতবাজার পত্রিকার প্রাক্তন সাংবাদিক ও প্রধান প্রতিবেদক এবং আমেরিকান ইনফরমেশন সেন্টারের প্রাক্তন অধিকর্তা শ্রী প্রশান্ত বসু, দ্য স্টেটসম্যান ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রাক্তন সাংবাদিক শ্রী সুব্রত নাগ চৌধুরী এবং আনন্দবাজার পত্রিকার প্রাক্তন সাংবাদিক ও ডিজিটাল মিডিয়ার অধিকর্তা শ্রী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সম্পাদক ডঃ দেবদূত ঘোষ ঠাকুর।

 

দু’ঘণ্টা ধরে চালা আলোচনাচক্রে উল্লিখিত বক্তাগণ সাংবাদিকতার অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান নিয়ে নিজস্ব বক্তব্য পেশ করেন এবং প্রিন্ট, ডিজিটাল, কৃত্রিম বুদ্ধিমত্তা, আন্তর্জাতিক সম্পর্ক,আধুনিকতা, প্রযুক্তি, শিক্ষা এবং ব্যবহারিক অভিজ্ঞতার গুরুত্ব সহ আরো বিভিন্ন ধরনের বিষয় তুলে ধরেন এবং চর্চা করেন। দর্শকস্থানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, সাংবাদিকসহ বহু শ্রোতা। আজকের দিনে কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার পাঠ কিভাবে পড়ানো হয় এবং ভবিষ্যতে তা কিভাবে পরিবর্তিত হতে পারে তা নিয়েও বক্তব্য রাখলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ। পড়াশোনার শেষে ভবিষ্যতের দিকে নিজের ক্যারিয়ার তৈরি কিভাবে করতে হয় তা নিয়েও আলোচনা করা হয়েছিল। কলকাতা প্রেস ক্লাবের সভাপতি মাননীয় ডঃ স্নেহাশীষ সুর তুলে ধরলেন বর্তমান দিনের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সাংবাদিক জগতের যোগবন্ধন এবং পারস্পরিক সম্পর্কের কথা।

 

বিভিন্ন নামী সংবাদপত্রে প্রাক্তন সাংবাদিকগণ তুলে ধরলেন তাঁদের কাজের অভিজ্ঞতার কথা এবং কর্মজীবনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন এবং কিভাবে তাঁরা সমাধান খুঁজতে সক্ষম হয়েছে তাও ভাগ করে নিলেন শিক্ষার্থীগণের সঙ্গে, যারা আগামী প্রজন্মে উজ্জ্বল সাংবাদিক হিসেবে প্রস্ফুটিত হবে। প্রিন্ট, রেডিও, টিভি এবং বর্তমানে ইন্টারনেটের যুগে সাংবাদিকতা কিভাবে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এসেছে তাও ব্যাখ্যা করলেন তাঁরা। ভবিষ্যতে যোগাযোগ প্রযুক্তির আরো আধুনিকীকরণের ফলে কিভাবে পরিবর্তিত হতে পারে সাংবাদিকতার জীবিকা তা নিয়েও আলোচনা হল এই অনুষ্ঠানে।

 

বাংলা ওয়ার্ল্ড ওয়াইড কর্তৃক আয়োজিত এটি ছিল পঞ্চম আন্তর্জাতিক বাঙালি সম্মেলন। যা শুরু হয়েছিল ২০২১ সাল থেকে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি সমাজকে একত্রিত করবার উদ্দেশ্যেই এই সমিতি এবং এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বার্ষিক রূপে। সাংবাদিকতা বাদ দিয়েও চিকিৎসা, আইন, স্বাস্থ্য, শিক্ষা ও বিজ্ঞান নিয়েও বসেছিল আলাদা আলাদা আলোচনা চক্র এবং তথাকথিত বিষয়গুলির সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ এবং উদ্যোক্তারাও শামিল হয়েছিলেন সেই সমস্ত আলোচনাগুলিতে। কলকাতা এবং পশ্চিমবঙ্গ বাদ দিও বাংলাদেশ, উড়িষ্যা, অসম এবং দিল্লি থেকে এসেছিলেন বাঙালি বিশেষজ্ঞ এবং চিন্তাবিদদের প্রতিনিধিদল। প্রবাসে বাঙালিরা কিভাবে আছেন এবং তাদের সুযোগ সুবিধা এবং বর্তমানের সমূখিত সমস্যাসমূহ কিভাবে প্রতিকার এবং সমাধান করছেন তারা সে নিয়ে এই বার্ষিক আলোচনা চক্রে বিনিময় হয় নানান মত।

 

কলকাতার বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অধ্যাপক, অধ্যক্ষ এবং শিক্ষার্থীগণকেও আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন আলোচনাচক্রে অংশ নেওয়ার জন্য। বাঙালি বুদ্ধিজীবীদের তাই এই বার্ষিক সম্মেলন এবং আলোচনাকেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবাসে অবস্থিত বাঙালি সমাজের ক্ষেত্রেও। তাই সাংবাদিকতার ব্যাপারে এই ছোট আলোচনা চক্রের মধ্য দিয়ে আজকের দুনিয়ায় আমরা কি ঘটে চলেছে এবং ভবিষ্যতে কি ঘটতে পারে তার আন্দাজ করা এবং ফলাফল সম্বন্ধে জানতে পারি।

এডিনবক্স টিম

Add comment

Most popular