Edinbox Bengali

প্রখ্যাত ভারতীয় লেখিকা ও সমাজকর্মী শ্রীময়ী পিউ কুন্ডুর সাথে একান্ত সাক্ষাৎকার

সাক্ষাৎকারদাতা: শ্রীময়ী পিউ কুন্ডু হলেন একজন ভারতীয় লেখিকা, সাংবাদিক এবং সমাজকর্মী, যিনি ভারতে লিঙ্গ, যৌনতা এবং অবিবাহিত নারীদের জীবন নিয়ে তাঁর কাজের জন্য পরিচিত। তিনি “স্ট্যাটাস সিঙ্গেল”-এর প্রতিষ্ঠাতা হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত; এটি শহুরে অবিবাহিত নারীদের ক্ষমতায়ন এবং দৃশ্যমানতার জন্য নিবেদিত একটি কমিউনিটি ও প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমেও তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন।

 

প্রশ্ন ১: সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে আপনার চ্যানেল এবং পেজগুলি বেশ জনপ্রিয়, শুরুটা কিভাবে করেছিলেন সেই ব্যাপারে যদি একটু বলেন।

 

ইউটিউব চ্যানেলটা প্রথম খুলেছিলাম ২০২৪ সালে, মে মাসে। ফেসবুক আর ইনস্টাগ্রামে অবশ্য তার আগে থেকেই অ্যাটিভ ছিলাম। আসলে আমি তো শুরু থেকেই বিভিন্ন প্রচার মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলাম তাই ওটা আমার কাছে বেশ অর্গানিক। নিজের কথা অন্যের কাছে পৌঁছোবার জন্য একটা সময় আমি বইও লিখেছি আর এখন করি পডকাস্ট। মাধ্যমটা আলাদা কিন্তু মনে হয় মানুষের মাধ্যমে যদি পৌঁছতে পারি নিজের কথাটাকে নিয়ে, তবেই আমি সফল।

 

প্রশ্ন ২: আপনি সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে বিভিন্ন জনের সঙ্গে নানা বিষয়ে চর্চা করেন এবং সাক্ষাৎকার নেন, ঠিক কোন কোন বিষয়ের উপর আপনি বেশি Focus করেন? আপনার এই প্ল্যাটফর্মগুলিতে?

 

আমার ইউটিউব কিংবা অন্য সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে গেলেই দেখতে পাবেন আমার আলোচ্য বিষয় এবং আলোচনার সাথী বেশিরভাগ সময়ই নারীকেন্দ্রীক। আমি চেষ্টা করি যাতে আমাদের সমাজের যে বিপুল মহিলা জনসংখ্যা আছে তাদের বিভিন্ন চরিত্র, ধরন এবং কাজের অবদানের জায়গাগুলো তুলে ধরা। মেয়েরা সমাজে কিভাবে প্রভাব ফেলেছে সেটা ভালো না খারাপ সেসবগুলো জানা। বিষয়বস্তু বলতে গেলে আমি সাধারণত সাক্ষাৎকারীদের মেয়েদের জীবনের এবং কাজের অভিজ্ঞতা নিয়েই শেয়ার করতে বলি। সেটাই সাধারণত বিষয়বস্তু হয় আমার পডকাস্ট ও ভিডিওগুলির। এবার যেহেতু ব্যক্তিমানব আলাদা সেহেতু বিষয়বস্তুও বদলে যেতে থাকে প্রতিটি এপিসোডে।

 

প্রশ্ন ৩: আপনি বিভিন্ন ব্যক্তির সঙ্গে রাজনৈতিক বিষয়ে আলোচনা করেন। দর্শকগণের প্রতিক্রিয়া কেমন হয় বেশিরভাগ সময়? তারা নিরপেক্ষতা ও বিষয়বস্তু আলোচনা নিয়ে সন্তুষ্ট?

 

দেখুন রাজনীতিটা তো সমাজের একটা অংশ। ভালো না খারাপ অংশ তার বিচার্য এখন আমি করব না। কিন্তু আমাদের গণতান্ত্রিক দেশে তাতে প্রত্যেকের যোগদান কাম্য। এবার যেহেতু এতে সমাজের পুরোটাই জড়িয়ে আছে, সমাজের প্রত্যেকটা মানুষকেই যেহেতু এই বিষয়টি প্রভাবিত করে; অনেক সময় জিনিসটা বিতর্কিত হয়ে যায়। কিন্তু দিনের শেষে তর্কবিতর্কের পরেই যদি আমরা একটা ভালো সিদ্ধান্তে উপনীত হতে পারি, তার জন্য তর্কবিতর্ক আলোচনা তো করা যেতেই পারে। তাতে সমাজের ভালো বইকি খারাপ হবে না বলেই আমার মনে হয়।

 

প্রশ্ন ৪: আপনি প্রকৃতপক্ষেই আধুনিক যুগের নতুন মিডিয়ার প্রতিনিধি। বর্তমান দিনে এই ক্ষেত্রের মিডিয়া নিয়ে আপনার কি মতামত?

 

আধুনিক যুগের মিডিয়া বলতে সমাজ মাধ্যম, ইন্টারনেট মিডিয়া। ২০১৬ সালে জিও আসার পর থেকে এবং ২০২২ সালে 5G আসার পর থেকে গোটা ভারত জুড়েই ইন্টারনেটের ব্যবহার অনেক বেড়েছে। ভবিষ্যতে আরো বাড়বে। মানুষের কাছে আরো অনেক বেশি তথ্য এবং মতামত পৌছবে এবং সম্প্রচারিত হবে।

 

প্রশ্ন ৫: নতুন মিডিয়া কি প্রকৃতপক্ষেই পুরোনো মিডিয়া তথা টিভি, সংবাদপত্র ও সংবাদ মাধ্যমকে চ্যালেঞ্জ করতে সক্ষম হয়েছে?

 

আজ ২০২৬ সালে দাঁড়িয়ে আমি বলতে পারি যে নতুন মিডিয়া সত্যিই পুরোনো মিডিয়ার উপর জিতে গেছে। খবরের কাগজ, টিভি এখন সত্যিই বিলুপ্তির পথে। তার জায়গায় এসেছে ওটিটি আর সোশ্যাল মিডিয়া। আজকে এই সোস্যাল নেটওয়ার্কের যুগে মিডিয়ার অনেক গণতান্ত্রিকরণ হয়েছে। মানুষ, সাধারণ মানুষ নিজের বক্তব্যের কথা আজকে চাইলেই গোটা বিশ্বের কাছে সম্প্রচারিত করতে পারছেন। এর থেকে ভালো বিষয় আমার মনে হয় আর হয় না। তবে হ্যাঁ, অনেকের বক্তব্য হয়তো আমাদের ভালো লাগে না কিন্তু আমাদের বক্তব্য আবার অনেকের ভালো লাগে না

 

প্রশ্ন ৬: নতুন মিডিয়ার নিকট ভবিষ্যত কি বলে আপনার মনে হয়? আপনার জনপ্রিয় প্ল্যাটফর্ম নিয়েও আপনার পরবর্তী লক্ষ্য এবং চিন্তাধারা কি?

 

নতুন মিডিয়া ভবিষ্যত আমার মনে হয় খুবই উজ্জ্বল। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু হয়তো আমরা এই মিডিয়ার মাধ্যমে করতে পারব। মানুষকেও প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে হবে। আরও বেশি করে আধুনিকমনস্ক হতে হবে, না হলে এই বিশাল তারতম্য এবং পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবেন না।

Edinbox Team

Add comment

Most popular